গুয়াহাটি, ২৬ নভেম্বর: অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপি বিধায়ক ডাক্তার হাবে টেরনের বিরুদ্ধে এক মহিলার তোলা গুরুতর অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করলেন কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং। অভিযোগগুলির কোনও সত্যতা নেই বলেও দাবি করেছেন তিনি।

বুধবার হাওরাঘাটে সাংবাদিক সম্মেলনে তুলিরাম বলেন, হাবে টেরনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ নেই। তাঁর দাবি, গোটা ঘটনাই উদ্দেশ্যপ্রণোদিত।

“এর কোনও প্রমাণ নেই, সব কিছু সাজানো। এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র।”

ওই মহিলার অভিযোগ, কোভিড অতিমারির সময় চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হাবে টেরনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন বলেও তাঁর দাবি। পরে তাঁদের একটি সন্তান হয়, যার বর্তমান বয়স ৫ বছর।

মহিলার আরও অভিযোগ, তাঁকে গুয়াহাটির একটি ভাড়াবাড়িতে রাখা হয়েছিল। হাবে টেরন বিধায়ক এবং পরে বিধানসভার উপাধ্যক্ষ হওয়ার পর নিরাপত্তারক্ষী নিয়োগ করে তাঁকে জোর করে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

তুলিরাম বলেন, বিষয়টি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। অভিযোগের সত্যতা নির্ণয় এবং পরবর্তী সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।

অসম প্রদেশ মহিলা কংগ্রেস নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের দাবি জানিয়েছে। বিরোধী দলগুলিও সাংবিধানিক পদে অধিষ্ঠিত এক বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে। তবে মহিলার অভিযোগগুলির সত্যতা এখনও আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হয়নি।