ডিগবই, ২৬ নভেম্বর: ডিগবই শহরের লাচিত নগরে ঢোকার রাস্তার ধারের একটি ফাঁকা জমি কার্যত খোলা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ। দীর্ঘ দিন ধরে একাংশ মানুষ গোপনে সেখানে আবর্জনা ফেলায় গোটা এলাকায় অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আবর্জনা ফেলার জায়গাটির পাশেই রয়েছে আর ডি জুনিয়র কলেজ, কলেজের ছাত্রাবাস এবং একাধিক বাড়ি। প্রতিদিন শত শত পড়ুয়া, শিক্ষক, কর্মী ও স্থানীয় মানুষকে পচা আবর্জনার দুর্গন্ধের মধ্যে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ।

আবর্জনা না ফেলার জন্য ওই স্থানে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি টাঙানো হলেও তা উপেক্ষা করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। ডিগবই পুরসভা শহরের দশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ব্যবস্থা রেখেছে। এর জন্য মাসে ৪০ থেকে ৫০ টাকা নেওয়া হয়। তা সত্ত্বেও সামান্য এই মাসুল দিতে অনীহা দেখিয়ে অনেকে খোলা জায়গায় আবর্জনা ফেলছেন বলে অভিযোগ।

লাচিত নগরের মধ্য দিয়ে যাওয়া নিকাশি নালাতেও দীর্ঘ দিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে। ফলে বর্ষায় সামান্য বৃষ্টিতেই নালা উপচে জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়। নোংরা জল বহু সময় বাড়িতে ঢুকে আসবাবপত্র নষ্ট করেছে বলেও দাবি বাসিন্দাদের।

লাচিত নগর উন্নয়ন সমিতি ও সচেতন নাগরিকদের বার বার অনুরোধের পরেও এই অভ্যাস বন্ধ হয়নি বলে অভিযোগ। পুরসভা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শহর পরিষ্কার রাখার চেষ্টা চালালেও এমন কর্মকাণ্ডে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আবর্জনা ফেলা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং এলাকায় সিসিটিভি বসানোর দাবি জানিয়ে পুরসভার কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।