তিনসুকিয়া, ২৭ নভেম্বর: বাঘজান তেলকূপের অগ্নিকাণ্ডের ছয় বছর পরে মাগুরি-মটাপুং বিলের পরিবেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে নতুন দুই গবেষণায় ইঙ্গিত মিলেছে। পাখি ফিরছে। পাশাপাশি নৌকাভ্রমণ, হোমস্টে, ছোট খাবারের দোকান ও পথপ্রদর্শকের কাজের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ের গবেষক কৃত্তিকা গগৈ ও পার্থঙ্কর চৌধুরীর গবেষণাপত্রটি ২১ নভেম্বর প্রকাশিত হয়েছে। ২০২২ সালের জুনে, বর্ষাকালে বিল, সংলগ্ন তৃণভূমি, ধানখেত এবং বাঘজান এলাকায় সমীক্ষা চালিয়ে তাঁরা ২৬ প্রজাতির পাখির সন্ধান পান।
তালিকায় ছিল লেসার হুইসলিং-ডাক বা সরালি, ইন্ডিয়ান স্পট-বিলড ডাক, ফেজ্যান্ট-টেল্ড জ্যাকানা, সাদা-বুক জলমুরগি বা দাউক, পুকুরবক, ছোট বক, ক্রিমসন সানবার্ড, কালো ফিঙে, দোয়েল এবং নীল-গলা বসন্তবৌরি। গবেষকদের বক্তব্য, বর্ষাকালের সমীক্ষায় মূলত স্থানীয় আবাসিক পাখিই ধরা পড়েছে। শীতকালে এই জলাভূমির বিস্তৃত অঞ্চলে স্থানীয় ও এশিয়ার নানা প্রান্ত থেকে আসা পরিযায়ী মিলিয়ে প্রায় ৫০০ প্রজাতির পাখি দেখা যায়।
গবেষণায় উঠে এসেছে, বাঘজান, বোরেকুড়ি, পুরানি মটাপুং গাঁও ও না মটাপুং গাঁওয়ের মোরান, মোটক, কোচ, অহোম এবং চা-জনজাতি পরিবারের জীবিকার সঙ্গে বিলটি ওতপ্রোত ভাবে জড়িত। মাছ ধরা ও চাষাবাদ এখনও আয়ের প্রধান উৎস হলেও পরিবেশ-পর্যটন নতুন কাজের সুযোগ তৈরি করছে।
জুলাইয়ে প্রকাশিত অন্য একটি গবেষণায় মাগুরি মটাপুং গ্রামের ১৫০টি পরিবারের সমীক্ষা করা হয়। তাতে সম্প্রদায়ের পরিচালনায় পর্যটন এবং পরিবারের আয় বৃদ্ধির মধ্যে জোরালো সম্পর্কের কথা বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সরাসরি নৌকাভ্রমণ ও হোমস্টে চালালে গ্রামের অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির প্রতি গর্ব এবং জলাভূমি রক্ষার আগ্রহও বাড়ে বলে গবেষকদের মত।
তবে বিলের উপর এখনও একাধিক চাপ রয়েছে। বেআইনি সূক্ষ্ম জালের ব্যবহার ও রাসায়নিক দিয়ে মাছ ধরা, তেল শিল্পাঞ্চল থেকে বয়ে আসা দূষিত জল, অপরিকল্পিত নির্মাণ, নিকাশি ব্যবস্থার অভাব, পলি জমা, নদীভাঙন এবং দ্রুত ছড়িয়ে পড়া জলজ আগাছাকে বড় বিপদ বলে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের মতে, বেআইনি মাছ ধরা বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের পরিচালনায় দায়িত্বশীল পর্যটন গড়ে তুলতে পারলেই বিলটির জীববৈচিত্র্য ও স্থানীয় জীবিকা—দুইই সুরক্ষিত রাখা সম্ভব।