গুয়াহাটি, ৬ নভেম্বর: পরিযায়ী আমুর ফেলকনের নিরাপত্তার জন্য অসমের চিহ্নিত আশ্রয়স্থলগুলির আশপাশে অননুমোদিত ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বিনোদন, বাণিজ্যিক বা অপ্রয়োজনীয় কারণে ড্রোন ওড়ানো, আকাশ থেকে ছবি তোলা এবং ভিডিও করাও নিষিদ্ধ করা হয়েছে।

অসমের প্রধান মুখ্য বন সংরক্ষক (বন্যপ্রাণী) তথা মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন ড. বিনয় গুপ্ত ৬ নভেম্বর ৩২৩ নম্বর কার্যালয় নির্দেশ জারি করেছেন। ওই নির্দেশে ডিমা হাসাও জেলার উমরাংসু এবং মরিগাঁও জেলার ধরমতুলকে বিশেষ গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিভাগীয় বন আধিকারিকদের সংবেদনশীল আশ্রয়স্থল চিহ্নিত করে তাদের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মভঙ্গ রুখতে বন দফতর স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে মিলিত ভাবে নিয়মিত টহলের ব্যবস্থা করবে। প্রয়োজনে ওই এলাকাগুলিকে অস্থায়ী ড্রোন-মুক্ত অঞ্চল হিসেবেও ঘোষণা করা যাবে।

নভেম্বরের শেষ পর্যন্ত, অর্থাৎ আরব সাগরের উপর দিয়ে দীর্ঘ যাত্রা শুরু করার আগে পর্যন্ত অসমে আমুর ফেলকনের অবস্থানকাল জুড়েই এই নিষেধাজ্ঞা কঠোর ভাবে কার্যকর থাকবে। প্রতি শরতে সাইবেরিয়া ও উত্তর চিনের প্রজননক্ষেত্র থেকে দক্ষিণ আফ্রিকার শীতকালীন আবাসে যাওয়ার পথে এক লক্ষেরও বেশি আমুর ফেলকন অসমের বনাঞ্চলে বিশ্রাম নেয়। তাদের এই পরিযানের মোট দূরত্ব প্রায় ২২ হাজার কিলোমিটার।

অক্টোবর ও নভেম্বরে অসমে পৌঁছনোর সময়ে দীর্ঘ উড়ানের ক্লান্তিতে পাখিগুলি দুর্বল থাকে। উইপোকা ও অন্যান্য পোকামাকড় খেয়ে শরীরে শক্তি সঞ্চয় করে তারা। কম উচ্চতায় উড়তে থাকা ড্রোনকে আকাশের শিকারি প্রাণী ভেবে পাখিগুলি আতঙ্কিত হতে পারে। ফলে বার বার উড়ে গিয়ে তাদের শক্তিক্ষয় হয় এবং খাওয়া ও বিশ্রামে ব্যাঘাত ঘটে। ঘন ঝাঁকের মধ্যে ড্রোনের পাখার আঘাতে ডানা ভাঙা বা পাখির মৃত্যুর আশঙ্কাও রয়েছে।

গুয়াহাটির জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা আরণ্যক পাখির ঝাঁকের খুব কাছে কম উচ্চতায় ড্রোন ওড়ানোর ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থার সাংগঠনিক সম্পাদক উদয়ন বরঠাকুর বলেন, বন্যপ্রাণীর ছবি ও ভিডিও সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে পারে, কিন্তু তার জন্য পাখিদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা যায় না। তাঁর কথায়, কোনও ছবি বা সামাজিক মাধ্যমের কনটেন্ট এই বিরল পরিযায়ী পাখিদের বিপদে ফেলার চেয়ে বেশি মূল্যবান নয়।