ঢেকিয়াজুলি, ২৭ নভেম্বর: কলেজ চত্বরে রিলস, শর্টস বা বিনোদনমূলক ভিডিও তৈরি করা যাবে না। শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে ঢেকিয়াজুলির লোকনায়ক অমিয় কুমার দাস মহাবিদ্যালয়।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কলেজ চত্বরে কোনও ধরনের রিলস, শর্টস বা বিনোদনমূলক ভিডিওর শুটিং নিষিদ্ধ। বিশেষ করে কলেজের ইউনিফর্ম পরে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে আপলোড করলে সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শ্রেণিকক্ষের ভিতরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্লাস চলাকালীন ফোন বন্ধ অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে পড়ুয়াদের। কলেজ চত্বর ও বারান্দাতেও অপ্রয়োজনে মোবাইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পোশাকের ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে। শীতকালে কেবল কলেজ-নির্ধারিত রঙের সোয়েটার বা জ্যাকেট পরা যাবে।

অন্য রঙের বা ভিন্ন নকশার জ্যাকেট পরে এলে প্রবেশদ্বারে রাখা নথিভুক্তকরণ খাতায় সই করে অনুমতি নিতে হবে। তা না হলে কলেজে প্রবেশে বাধা আসতে পারে। নিয়ম ভাঙলে মোবাইল বাজেয়াপ্ত করা, অভিভাবককে কলেজে ডেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া এবং বার বার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপও করা হতে পারে।