বিধানসভার উপাধ্যক্ষ ডা. হাবে তেরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে চলা বিতর্কের মধ্যে মুখ খুললেন অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইন নিজের গতিতে চলবে।

উপাধ্যক্ষের পদ নিয়ে প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, বিষয়টি সম্পূর্ণ আইনি। ব্যক্তিগত ভাবে বা বিধানসভার অধ্যক্ষ হিসেবে এ ক্ষেত্রে তাঁর বিশেষ কিছু করার নেই। আইন বা আদালতের কোনও নির্দেশ এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

তেরণের বিধায়ক পদ এবং নির্বাচনী শংসাপত্র নিয়েও মন্তব্য করেন রঞ্জিত কুমার দাস। তাঁর কথায়, নির্বাচিত প্রতিনিধিদের শংসাপত্র দেয় নির্বাচন কমিশন। শুধু অভিযোগ উঠলেই কোনও বিধায়কের পদ খারিজ হয়ে যায় না।

কোনও বিধায়কের পদ খারিজের জন্য নির্বাচন কমিশন বা আদালতের আইনি প্রক্রিয়া ও নির্দেশ প্রয়োজন বলেও জানান তিনি। অভিযোগ ওঠা এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে ফারাক রয়েছে বলে তাঁর মন্তব্য।

কার্বি আংলঙের এক মহিলা অভিযোগ করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাবে তেরণ তাঁর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন এবং তাঁদের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। ওই মহিলা সন্তানের পিতৃত্ব প্রমাণে ডিএনএ পরীক্ষার দাবিও তুলেছেন।

বিরোধী দলগুলি তেরণের পদত্যাগ ও নিলম্বনের দাবি জানিয়েছে। অন্য দিকে, উপাধ্যক্ষ অভিযোগগুলিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।