ডিগবয়: অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ের উল্টাপুল ঔগুরিতে ডাইনি সন্দেহে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। গত ১ নভেম্বর এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলাকার কিছু মানুষের মধ্যে এই কুসংস্কার ছড়িয়ে পড়েছিল যে ওই মহিলা কারও সঙ্গে কথা বললেই সেই ব্যক্তির মৃত্যু হয়। এই ভ্রান্ত ধারণার জেরেই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ।

প্রথমে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হলেও ডিগবয় পুলিশের তৎপরতায় বিষয়টি সামনে আসে। এই ঘটনায় রাজু চাওতালের স্ত্রী বুরি চাওতাল (৪৫), রবি মাঝির স্ত্রী সিমলা মাঝি (৩৫) এবং মঙ্গল চাওতালের স্ত্রী অনিমা চাওতাল (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৭৪, ১০৩(২), ২১৭(এ) এবং ২৮৩(এ) ধারার পাশাপাশি ২০১৫ সালের অসম ডাইনি শিকার (নিষিদ্ধকরণ, প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ৪(১), ৫, ৮, ৯ ও ১২ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলাটির নম্বর ১১১/২০২৬।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত তিন মহিলাকে জেলে পাঠানো হয়েছে।

আধুনিক সমাজেও ডাইনি সন্দেহের মতো কুসংস্কারের কারণে এক মহিলার প্রাণহানির ঘটনা নতুন করে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এই ধরনের অন্ধবিশ্বাস দূর করতে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।