তিনসুকিয়া: অসমের তিনসুকিয়া জেলায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এর পরীক্ষায় টাকার বিনিময়ে নকল এবং অন্যান্য অসাধু উপায়ে সাহায্য করার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা পরীক্ষার্থীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিতেন। এর বিনিময়ে পরীক্ষার্থীদের নকল করার সুযোগ দেওয়া হতো অথবা পরীক্ষার সময় তাঁদের বিভিন্নভাবে সাহায্য করা হতো বলে অভিযোগ।

বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সদরের থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুরুঞ্জয় বরার নেতৃত্বে পুলিশের একটি দল ভবতী ভগবান ডিভি শিক্ষা নিকেতনে আচমকা অভিযান চালায়। সেই অভিযানেই স্কুলের প্রধান শিক্ষক রাঘব প্রসাদ রায়-সহ সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হলেন সুনীল কুমার বর্মা, অজিত জৈন, বিকি প্রসাদ, দীপু বর্মন, সুরেশ গিরি এবং শুভনাথ ভগত।

এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার সাতজনকেই আদালতে পেশ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।