ধুবড়ি, ৭ নভেম্বর: অসমের ধুবড়ি জেলার আলমগঞ্জ নবম খণ্ড এলাকায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর গৃহহীন হয়ে পড়া পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস।
অসম বিধানসভার বিরোধী দলনেতা তথা বিরসিং জারুয়া কেন্দ্রের বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরির নেতৃত্বে কংগ্রেস বিধায়কদের চার সদস্যের একটি প্রতিনিধি দল ধুবড়ির জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে দ্রুত সাহায্য প্রদান এবং স্থায়ী পুনর্বাসনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে গৃহহীন পরিবারগুলির জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। উচ্ছেদ হওয়া এলাকায় থাকা কবরস্থান ও মাজার সংরক্ষণের দাবিও জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ওয়াজেদ আলি চৌধুরি AIUDF-এর সমালোচনা করে অভিযোগ করেন, উচ্ছেদ হওয়া এলাকায় দলটি অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, কংগ্রেস ও দলের কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং তাঁদের অধিকারের জন্য আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।
প্রতিনিধি দলে ওয়াজেদ আলি চৌধুরির পাশাপাশি ছিলেন আব্দুস ছোবহান আলি সরকার, বেবি বেগম এবং আশরাফুল ইসলাম শেখ।
উচ্ছেদ হওয়া মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কংগ্রেস।