পড়ুয়াদের বিক্ষোভের কারণ বোঝার চেষ্টা করে তাঁদের সঙ্গে কথা বলা এবং সমস্যা মেটানোর জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন অভিনেতা প্রকাশ রাজ। কেরলের কংগ্রেস সরকার বিজেপির মতো আচরণ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
প্রকাশ রাজের বক্তব্য, আদালত পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় আইনের আশ্রয় নিয়ে তাঁদের পরীক্ষায় বসার যোগ্যতা নেই বলে দাবি করছে। তাঁর কথায়, এই আচরণ গ্রহণযোগ্য নয়। দেশ, অভিভাবক এবং সাধারণ মানুষ সবই দেখছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশেই শুধু না দাঁড়িয়ে পড়ুয়াদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক এবং ঘটনার তদন্ত করা হোক। তাঁকে শারীরিক ভাবে আক্রমণের চেষ্টা ও শালীনতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিকে তিনি ‘নাটক’ বলে উল্লেখ করেছেন।
এই পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ। তাঁদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। তাঁরা সত্যিই আন্তরিক এবং সৎ। তাঁরা অনশনে বসেছেন।
সিজেপি, নাগরিক সমাজ, অভিভাবক ও পড়ুয়াদের পক্ষ থেকে এই ‘স্বৈরাচারী’ আচরণ বন্ধের আবেদন জানান প্রকাশ রাজ। তিনি বলেন, পরিস্থিতির সমাধান না হলে তিনি নিজেও এসে পড়ুয়াদের সঙ্গে অবস্থানে বসবেন।
বর্তমান কংগ্রেস সরকারকে প্রশ্ন করে প্রকাশ রাজ বলেন, তারা কেন বিজেপির মতো আচরণ করছে। শিক্ষামন্ত্রীকেও ধর্মেন্দ্র প্রধানের মতো আচরণ করার অভিযোগে বিঁধেছেন তিনি।