আগরতলা, ৮ নভেম্বর: নয়াদিল্লি থেকে আগরতলাগামী তেজস রাজধানী এক্সপ্রেস প্রথমবার বৈদ্যুতিক ইঞ্জিনে চলল। এত দিন এই পথে ট্রেনটি ডিজেল ইঞ্জিনে চলত।

ধর্মনগর রেলস্টেশনে বৈদ্যুতিক ইঞ্জিনে টানা রাজধানী এক্সপ্রেসকে আগরতলার দিকে যেতে দেখা যায়। ধর্মনগরকে ত্রিপুরার প্রবেশদ্বার হিসেবে ধরা হয়।

রেল সূত্রের দাবি, আগরতলা-লামডিং এবং গুয়াহাটি রেলপথে বিদ্যুতায়নের কাজ শেষ হওয়ায় এই রুটে এখন বৈদ্যুতিক ইঞ্জিন চালানো সম্ভব হয়েছে।

রেল সূত্রের মতে, বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহারে শক্তির সাশ্রয় হবে, ট্রেনের কার্যক্ষমতা বাড়বে এবং ডিজেল ইঞ্জিনের তুলনায় স্থানীয় দূষণ কমবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাও কমার সম্ভাবনা রয়েছে।

রেল পরিকাঠামোর এই বদল যাত্রী ও পণ্য পরিবহণকে আরও কার্যকর করতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও গতি আসতে পারে এবং দেশের অন্য অংশের সঙ্গে ত্রিপুরার আর্থিক যোগাযোগ আরও মজবুত হতে পারে।