নয়াদিল্লি, ৭ নভেম্বর: ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করলেন কংগ্রেসের প্রবীণ নেতা তথা সাংসদ কে সি বেণুগোপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এ কথা লিখে দিতেও প্রস্তুত তিনি।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী ঐক্য এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে কথা বলেন বেণুগোপাল।

"অমিত শাহ একটু অপেক্ষা করুন। লিখে দিতেও প্রস্তুত আছি, রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন। তার পরে শাহ ও মোদীর কী হবে, তা নিয়ে তাঁদের ভাবা উচিত। ২০২৯ পর্যন্ত অপেক্ষা করুন।"

রাহুল গান্ধী কেবল ‘মক পার্লামেন্ট’-এর প্রধানমন্ত্রী হতে পারেন বলে অমিত শাহ যে মন্তব্য করেছিলেন, তার জবাবেই বেণুগোপাল এ কথা বলেন।

তাঁর দাবি, কংগ্রেস এবং বিরোধী দলগুলির লড়াই শুধু ক্ষমতা দখলের জন্য নয়, দেশের গণতন্ত্র রক্ষার জন্যও। ভোটচুরির অভিযোগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের আন্দোলন চলবে বলেও জানান তিনি। এই আন্দোলন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তাঁর দাবি।

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছে বিরোধীরা।

আগামী সংসদ অধিবেশনেও এই বিষয়টি তোলার প্রস্তুতি চলছে বলে জানান বেণুগোপাল। আন্দোলনের কর্মসূচি ঘোষণা হলে ইন্ডিয়া জোটের নেতা-কর্মী এবং সমাজের নানা স্তরের মানুষ তাতে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।