রাষ্ট্রপুঞ্জ, ৭ নভেম্বর: রাষ্ট্রপুঞ্জের প্রশাসন ও বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটি বা এসিএবিকিউ-তে ২০২৭-’২৯ মেয়াদের জন্য নির্বাচিত হলেন ভারতীয় কূটনীতিক শিবানী গুপ্ত।
তাঁর তিন বছরের মেয়াদ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশন শিবানীর নির্বাচনের কথা জানিয়ে সদস্য রাষ্ট্রগুলির আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সাধারণ পরিষদের অধীনস্থ এই কমিটিতে ২১ জন সদস্য থাকেন। সাধারণ পরিষদ তাঁদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করে।
সদস্য রাষ্ট্রগুলির অনুদান রাষ্ট্রপুঞ্জের বিশ্বব্যাপী কাজের জন্য যাতে জবাবদিহি ও দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতেই সদস্যদের তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।