বিকেন্দ্রীভূত ও নাগরিকমুখী প্রশাসনকে শক্তিশালী করতে ১৩টি রাজ্য-স্তরের ক্ষেত্রভিত্তিক পরিষদ গঠন করবে অসম সরকার। তৃণমূল স্তরের নেতৃত্ব এবং মানুষের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই উদ্যোগে।
‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। রূপান্তর ও উন্নয়ন দফতরের অধীনে কাজ করবে এই পরামর্শদাতা পরিষদগুলি।
জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে নজরদারি করা, পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খামতি চিহ্নিত করা এবং নীতিনির্ধারকদের কাছে মানুষের মতামত পৌঁছে দেওয়াই হবে পরিষদগুলির কাজ। সদস্যদের সঙ্গে বাসিন্দাদের সরাসরি যোগাযোগের মাধ্যমে এমন সমস্যাও সামনে আসবে, যা প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারে বলে সরকারের আশা।
প্রতিটি পরিষদে একজন সভাপতি, একজন সহ-সভাপতি এবং সাত জন অ-সরকারি সদস্য থাকবেন। সভাপতির মর্যাদা হবে প্রতিমন্ত্রীর সমতুল্য। বিধায়কেরা সভাপতি হতে পারবেন। ২৫ বছরের বেশি বয়সি সমাজকর্মী, জনপ্রতিনিধি এবং অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রামীণ জীবিকা, স্বাস্থ্য ও সুস্থতা, শিক্ষাসংক্রান্ত অধিকার, সামাজিক সুরক্ষা, সরকারি আবাসন, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিষয় ও সুখ, চা-বাগান এলাকার খেলাধুলো, স্বাস্থ্য ও শিক্ষা, খাদ্য সুরক্ষা ও সংগ্রহ, আর্থিক সহায়তা এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর সংক্রান্ত ক্ষেত্রগুলি এই পরিষদগুলির আওতায় থাকবে।
প্রতিটি পরিষদের প্রতি তিন মাসে অন্তত এক বার বৈঠক হবে।