বালিপাড়া, ১০ নভেম্বর: অসম-অরুণাচল সীমান্তের ভালুকপুঙে অসমের এক যুবককে কয়েক জন অরুণাচলী মারধর করেছেন বলে অভিযোগ। তা ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলে অসম ও অরুণাচলের মধ্যে যাতায়াতের প্রধান সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই স্থানীয় যুবক বাজাজ পালসার মোটরসাইকেলে অরুণাচলের দিক থেকে অসমে ফিরছিলেন। ভালুকপুঙে তাঁকে আটকান কয়েক জন অরুণাচলী। প্রথমে বচসা, পরে যুবককে মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়েরা পথ অবরোধ করেন। ফলে সীমান্তপথে অসম ও অরুণাচলমুখী বহু গাড়ি আটকে পড়ে।

পরে অসম ও অরুণাচল পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। বুধবারও ভালুকপুঙে চাপা উত্তেজনা ছিল।

অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার পুলিশ সুপার ডি ডব্লিউ থুংগন জানিয়েছেন, ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।