গুয়াহাটি, ১০ নভেম্বর: অসমে কয়লা, সুপারি ও গরুর অবৈধ পরিবহণকে কেন্দ্র করে সিন্ডিকেট-রাজ চলার অভিযোগ তুললেন শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। দিসপুরের বিধায়ক আবাসে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ‘মাফিয়ার সর্দার’ বলেও আক্রমণ করেন তিনি।

অখিলের অভিযোগ, অসমে আইন বা প্রশাসন নয়, সিন্ডিকেট ও মাফিয়া চক্রই কার্যত সব কিছু নিয়ন্ত্রণ করছে। তাঁর দাবি, অবৈধ কয়লাবোঝাই ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, পুলিশের শীর্ষকর্তা, মুখ্যসচিব এবং শিবসাগর, যোরহাট ও চরাইদেউ জেলার প্রশাসনকে জানিয়েও ফল মেলেনি।

“অসম এখন আইন দিয়ে চলে না, সিন্ডিকেট চক্র ও মাফিয়া চক্রের দ্বারাই চলে। অসম পুলিশ বা প্রশাসন অসম চালায় না,” দাবি অখিল গগৈয়ের।

শিবসাগর বিধানসভা এলাকার জাঁজি নদীর কাছে জাঁজি-হাঁহচরা ৩৭ নম্বর জাতীয় সড়কে প্রায় ৪০ থেকে ৪২টি কয়লাবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বলে জানান তিনি। ওই ট্রাকগুলি মেঘালয় থেকে নাগাল্যান্ডের তুলি অভিমুখে যাচ্ছিল বলে তাঁর দাবি। ট্রাকগুলি আটক করে বাজেয়াপ্ত করার বদলে পুলিশি নিরাপত্তায় মেঘালয় সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অখিল।

তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তে কয়লা, সুপারি ও গরুবোঝাই কিছু সন্দেহজনক ট্রাকের চলাচলে বাধা পড়ার পরে বিকল্প পথ তৈরির চেষ্টা চলছে। যোরাবাট থেকে জাগীরোড, নগাঁও, কাজিরাঙা, দেরগাঁও, শিবসাগর ও নাজিরা হয়ে হালোবাটিং পেরিয়ে তুলি অথবা লাকুয়া রেলস্টেশনে কয়লা পাঠানোর পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ তাঁর।

সিন্ডিকেটের সঙ্গে জয়ন্তমল্ল বরুয়া, বিধায়ক বলিন চেতিয়া, বিধায়ক ভাস্কর শর্মা, জেকি আগরওয়ালা, গৌরব চৌরাসিয়া, গৌরব রানা, নবীন সিংঘাল ও রতন শর্মার নামও জুড়েছেন অখিল। সুপারি বাজেয়াপ্ত করে নিলামে কম দামে কিনে ফের তা পরিবহণের ব্যবস্থার অভিযোগও তুলেছেন তিনি। এই সব অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অখিল।

সাংবাদিক বৈঠকে শিবসাগরের বন্যাদুর্গতদের ক্ষতিপূরণ, কম্বল-বিছানার অভাব এবং ভাঙা রাস্তা মেরামতির প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর দাবি, প্রায় ৪৫ হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে মাত্র ১৫ হাজার পরিবারের ক্ষতিপূরণের তালিকা তৈরি হয়েছে, অথচ কেউই প্রাপ্য অর্থ পাননি। শিবসাগরের স্কুলগুলির উন্নয়ন ও মেরামতির জন্য ওএনজিসির দেওয়া ২০ কোটি টাকাও এখনও ছাড়া হয়নি বলে অভিযোগ তাঁর।

“এক জন বিধায়ক নিজের জেলায় অবৈধ কাজ বন্ধ করার কথা বলেও যদি কিছু করতে না পারেন, তার চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে?” বলেন অখিল গগৈ।