সোনাপুর: সোনাপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতি এবং চিকিৎসায় অবহেলার জেরেই গোলাপী ডেকার মৃত্যু হয়েছে।

দিগারুর বাসিন্দা গোলাপীকে সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ মাথা ঘোরা ও বমির কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক ধর্মেন্দ্র পাটওয়ারী প্রাথমিক পরীক্ষা করে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। মঙ্গলবার ভোররাত ৫টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, প্রাথমিক পরীক্ষার পরে গোটা রাতে চিকিৎসক আর এক বারও রোগীকে দেখতে আসেননি। তাঁদের আরও দাবি, ওয়ার্ড বয় ও নিরাপত্তারক্ষীদের দিয়ে স্যালাইন দেওয়ার কাজ করানো হয়েছিল।

পরিবার ও স্থানীয়দের বক্তব্য, গোলাপীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর আবেদন বার বার জানানো হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ। সময়মতো অন্য হাসপাতালে পাঠানো হলে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত বলেও দাবি পরিবারের।

ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত এবং চিকিৎসক ধর্মেন্দ্র পাটওয়ারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।