গুয়াহাটি, ১১ নভেম্বর: উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হরক সিং রাওয়াতকে ঘিরে ২৩ বছরের পুরনো পিতৃত্ব বিতর্ক ফের সামনে এসেছে। ন্যায়বিচারের দাবিতে সরব অসমের বাসিন্দা জেনি ওরফে ইন্দিরা দেওরির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মঙ্গলবার জেনির সঙ্গে দেখা করার পরে বুধবার সামাজিক মাধ্যমে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেনির প্রতি রাওয়াতের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তার নিন্দা করে ন্যায়ের লড়াইয়ে তাঁর পাশে থাকার কথা বলেছেন তিনি।

২৩ বছরের ছেলের পিতৃত্ব নির্ধারণে নতুন করে সিবিআই তদন্ত এবং ফের ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন জেনি। সম্প্রতি দেরাদুনে গিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেরাদুনেই থাকার কথাও বলেছেন তিনি।

জেনির অভিযোগ, ২০০২ সালে ১৬ বছর বয়সে তিনি দেরাদুনে ছিলেন। সে সময় তাঁকে হরক সিং রাওয়াতের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রায় দেড়-দু’মাস থাকার পরে তিনি অন্তঃসত্ত্বা হন বলে দাবি তাঁর। রাওয়াতের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও তুলেছেন জেনি।

আগের সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, তদন্তকারীরা তাঁর বয়ান ঠিক ভাবে নথিভুক্ত করেননি এবং তাঁর ছেলের ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়নি। হুমকি পাওয়ার অভিযোগ তুলে নিরাপত্তার ব্যবস্থার দাবিও করেছেন জেনি।

রাওয়াত অবশ্য ধর্ষণ-সহ জেনির তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষা করানোর চ্যালেঞ্জও দিয়েছেন তিনি। আগের তদন্তে ডিএনএ পরীক্ষার ফলাফলে ছেলেটির সঙ্গে তাঁর কোনও মিল পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। সেই তদন্তের পরে তাঁকে ক্লিন চিট দেওয়া হয়েছিল।

২০০৩ সালে প্রথম প্রকাশ্যে আসে এই বিতর্ক। উত্তরাখণ্ড বিধানসভার তদন্তের পরে বিষয়টি সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। রাওয়াতের অভিযোগ, কংগ্রেসকে নিশানা করতে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ফের এই বিতর্ক সামনে আনছে।