ধেমাজি: চিচিবরগাঁওয়ে সহ-জেলা কার্যালয় স্থাপনের দাবিতে ধারাবাহিক আন্দোলন ৪৬ দিনে পড়ল। গত ২৮ সেপ্টেম্বর থেকে এলাকার বাসিন্দারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
আবেদন-নিবেদন, গায়ন-বায়ন, নাম-কীর্তন, ধর্মঘট ও মশাল মিছিলের পরেও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
ধেমাজি জেলা জনজাতি বিশ্রামাগারে সাংবাদিক বৈঠক করে চিচিবরগাঁও সহ-জেলা কার্যালয় দাবি কমিটি সাংসদ প্রদান বরুয়া ও বিধায়ক জীবন গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কমিটির দাবি, সাংসদ ও বিধায়কের ন্যস্ত স্বার্থ এবং স্বেচ্ছাচারিতার কারণেই প্রশাসন চিচিবরগাঁওবাসীর দাবিকে গুরুত্ব দিচ্ছে না।
তিন দিনের মধ্যে দাবি পূরণে পদক্ষেপ না করা হলে সাংসদ প্রদান বরুয়ার বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দাবি কমিটির বক্তব্য, প্রস্তাবিত চিচিবরগাঁও সহ-জেলার অন্তর্গত ২০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫টির মানুষের জন্য কার্যালয় স্থাপনের উপযুক্ত স্থান চিচিবরগাঁও। সেখানে রাজস্ব চক্র কার্যালয়, উন্নয়ন ব্লক কার্যালয়, মৌজাদার কার্যালয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতর রয়েছে বলেও দাবি করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে ধেমাজির কয়েকটি জাতীয় সংগঠন অংশ নিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। সংগঠনগুলির তরফে অসমের মুখ্যমন্ত্রীর কাছে চিচিবরগাঁওবাসীর দাবিতে সাড়া দিয়ে বিষয়টির সমাধানের আবেদন জানানো হয়েছে।