মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবায় বিশ্বজুড়ে দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব পড়ল ভারতের বিমান পরিষেবাতেও। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া বিমানগুলি দিল্লি থেকে পুনে, লেহ এবং মুম্বই যাওয়ার কথা ছিল। এ ছাড়া, দিল্লি থেকে দারভাঙা ও মুম্বইগামী আরও দু’টি বিমানের যাত্রা বিলম্বিত হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। এখনও পর্যন্ত তাদের বিমান পরিষেবা বা যোগাযোগ ব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি।

ইন্ডিগো, আকাশ এয়ার এবং দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমানের সর্বশেষ সময়সূচি ও অবস্থা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আউটলুক ও টিমসেও সমস্যা

বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের আউটলুক, টিমস-সহ বিভিন্ন পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে বহু ব্যবহারকারী ই-মেল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যায় পড়েন।

মাইক্রোসফট জানিয়েছে, এক্সচেঞ্জ অনলাইন ও ই-মেল পরিষেবার সমস্যার বিষয়ে তারা অবগত। বিভ্রাটের কারণ খুঁজে পরিষেবাগুলি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।