অমৃতসর, ১৩ নভেম্বর: অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি খডুর সাহিবের সাংসদ অমৃতপাল সিংহকে তাঁর ঠাকুমার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য এক দিনের অন্তর্বর্তী জামিন দিল অমৃতসরের একটি আদালত। ১৪ নভেম্বর চরণ কৌরের শেষকৃত্যে তিনি অংশ নিতে পারবেন।

৮৪ বছরের চরণ কৌর দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত ৮ নভেম্বর মারা যান। অমৃতপাল সিংহের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন করার ইচ্ছা জানিয়ে পরিবার আদালতের কাছে সাময়িক স্বস্তির আবেদন করেছিল।

শুক্রবার অমৃতসর জেলা ও দায়রা আদালত অমৃতপালের আবেদন শুনে এক দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তাঁর কাকা হরজিত সিংহকে তিন দিন এবং অন্য এক আত্মীয় সুখমন সিংহকে দু’দিনের জন্য সাময়িক জামিন দেওয়া হয়েছে।

অমৃতপালের আইনজীবী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চার দিনের সাময়িক জামিন চেয়েছিলেন। পরিবারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণেই এই আবেদন করা হয়েছিল। তবে আদালত তাঁকে শুধু এক দিনের জামিন দিয়েছে।

আইনজীবীর বক্তব্য, আদালতের লিখিত নির্দেশ পাওয়ার পরে জামিনের সময়সীমা বদলের জন্য ফের আবেদন করা হতে পারে। ডিব্রুগড় থেকে পঞ্জাবে নিরাপত্তার মধ্যে যাতায়াতের জন্য খুব কম সময় পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।

‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান তথা খডুর সাহিবের সাংসদ অমৃতপাল ২০২৩ সালের এপ্রিল থেকে কারাগারে বন্দি। অজনালা থানায় হামলার ঘটনার সঙ্গে জড়িত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন।