আজারা: জাতীয় নিরাপত্তা শুধু দেশের সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি এবং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণও তার গুরুত্বপূর্ণ অঙ্গ বলে জানালেন গজরাজ কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল নীরজ শুক্ল।

শুক্রবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ‘উত্তর-পূর্ব ভারতকে বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় নিরাপত্তা বোঝা’ শীর্ষক বিশেষ বক্তৃতায় তিনি বলেন, জাতীয় নিরাপত্তা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এটি সকলের যৌথ দায়িত্ব। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল শুক্ল বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি অপরিহার্য। দেশের নিরাপত্তাকে শুধু সামরিক প্রস্তুতির নিরিখে দেখলে হবে না; অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সম্মিলিত দায়বদ্ধতার দিকটিও সমান গুরুত্বপূর্ণ।

পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেম কেবল সীমান্তে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও অঙ্গীকারে প্রকাশ পায় না, দেশ গঠনে নাগরিকদের প্রতিদিনের অবদানেও তা ফুটে ওঠে। ভারতের পরিচয়, সভ্যতার ঐতিহ্য ও সাফল্য নিয়ে তরুণদের গর্বিত হওয়ার এবং শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশের অগ্রগতিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননী গোপাল মহন্ত উত্তর-পূর্বের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য এবং ভারতের জাতীয় পরিচয়ে এই অঞ্চলের অবিচ্ছেদ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়, ভাষা ও ঐতিহ্যকে এক সূত্রে বেঁধেছে একাত্মবোধ ও জাতীয় চেতনা। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার রচিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের উল্লেখ করে তিনি বলেন, তাতে এই অঞ্চলের বৈচিত্র্য ও ঐক্যের চেতনা প্রতিফলিত হয়েছে।

পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং সামাজিক সম্প্রীতি জাতীয় সংহতি আরও মজবুত করার জন্য জরুরি বলেও মন্তব্য করেন উপাচার্য।