গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের জন্য মোট ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ঘটনাস্থল পরিদর্শনের পরে তিনি জানান, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা, রাজ্য সরকারের রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা দফতর থেকে ২ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। দ্রুত ময়নাতদন্ত শেষ করতে গুয়াহাটি-সহ অন্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘটনাস্থলে আনা হয়েছে। ইতিমধ্যেই ১০টি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুর ২টার মধ্যে সব দেহের ময়নাতদন্ত শেষ করে সরকারি গাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের ডিব্রুগড় ও যোরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কয়েক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ১০ জনের অবস্থা স্থিতিশীল, ৬ জন আইসিইউতে এবং এক জন ভেন্টিলেটরে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল যোরহাটে পৌঁছেছে।
নিহতদের মধ্যে এক জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তিনি বিহারের বাসিন্দা হতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে বাকি সকলের পরিচয় জানা গিয়েছে বলে তিনি জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কাজিরাঙা এলাকায় ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলারটি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল বলে ভিডিওতে দেখা গিয়েছে। চালক কোন পরিস্থিতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা তদন্তসাপেক্ষ। চালকের হৃদ্রোগ, স্ট্রোক বা রক্তে শর্করার মাত্রা আচমকা কমে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
ট্র্যাভেলারটিতে অনুমোদিত আসনের চেয়ে বেশি যাত্রী ছিল বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, গাড়িটিতে প্রায় ৪১ জন যাত্রী ছিলেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল করা বা তার ছিঁড়ে দেওয়ার মতো অনিয়মের কথাও উল্লেখ করেছেন তিনি।
রাজ্যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যানবাহন আইন কঠোর ভাবে কার্যকর করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত গতি, বেশি যাত্রী বহন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপে মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি। তদন্ত, আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারকে সাহায্য দেওয়ার দায়িত্ব সরকার পালন করবে বলেও জানান তিনি।