গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে যাত্রীবাহী ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২৬ জনের মধ্যে বিহারের এক বাসিন্দাও রয়েছেন। মৃতের নাম মহম্মদ রফিক আলী, বয়স ৩৮ বছর। তিনি বিহারের মধুবনী জেলার তুফানপুরের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম সামি আহমেদ।
গোলাঘাট জেলা প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ২৫টি মৃতদেহের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। প্রশাসনের হাতে আসা ওই ২৫টি মৃতদেহের মধ্যে ১৪ জন মহিলা এবং ১১ জন পুরুষের।
উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো আহতদের মধ্যে পরে দু’জনের মৃত্যু হয়। এর জেরেই মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। হাসপাতালে মৃত ওই দু’জনের মধ্যে এক জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
অতিরিক্ত জেলাশাসক জিন্টু বরার বক্তব্য, নিহতদের মধ্যে নগাঁও জেলার ৯ জন এবং কার্বি আংলং জেলার এক জন রয়েছেন। শনিবার সকাল ৬টা থেকে ময়নাতদন্ত শুরু করার ব্যবস্থা করা হয়। যোরহাট মেডিক্যাল কলেজ ও গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের দল যৌথভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করে। মৃতদেহগুলি সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করেছে প্রশাসন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শুক্রবার রঙাজানে ট্র্যাভেলার ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।