জুরিয়া, ১৪ নভেম্বর: দেশজুড়ে শিশু দিবস উদ্যাপনের আবহে নগাঁও জেলার জুরিয়ার কেন্দুগুড়িতেও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল দিনটি।
কেন্দুগুড়ির ট্যালেন্ট অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে সকালে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিতে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়।
শিশুদের শিক্ষার অধিকার, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দেন। রাস্তায় শিশুদের এই শোভাযাত্রা স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সমাজের উদ্দেশে সচেতনতামূলক বার্তা দেয়।
দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে প্রতি বছর ১৪ নভেম্বর শিশু দিবস পালিত হয়। নেহরুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার অঙ্গীকার নিয়ে স্কুলে দিনভর কর্মসূচি পালিত হয়।