গুয়াহাটি, ১৪ নভেম্বর: ডিগারুতে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনার পরে রেল সুরক্ষা বিধি আরও কঠোর করল রেল বোর্ড। এ বার থেকে ট্রেনের দায়িত্ব নেওয়ার পরে চালক ও সহকারী চালককে বাধ্যতামূলক ভাবে ব্রেক পরীক্ষা করতে হবে।

১১ নভেম্বর ডিগারু রেলস্টেশনের কাছে দুর্ঘটনার পরেই এই নির্দেশ জারি হয়েছে। ওই দিন সমস্ত রেল বিভাগের কাছে পাঠানো নির্দেশে ১২ থেকে ১৮ নভেম্বর বিশেষ সুরক্ষা অভিযান চালানোর কথাও বলা হয়েছে। এই সময়ে চালকেরা নির্ধারিত নিয়মে ব্রেক ফিল টেস্ট ও ব্রেক পাওয়ার টেস্ট করছেন কি না, তা খতিয়ে দেখা হবে। কোনও অসঙ্গতি ধরা পড়লে ২০ নভেম্বরের মধ্যে রেল বোর্ডে রিপোর্ট পাঠাতে হবে।

প্রাথমিক তদন্তে ট্রেনটির মূল ব্রেক ব্যবস্থায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ছয় সদস্যের তদন্তকারী দল লোকোমোটিভের ব্রেক পাইপের অ্যাঙ্গল ককটি বিচ্ছিন্ন অবস্থায় পেয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই অংশটি কামরাগুলিতে ব্রেক প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

তদন্তে উঠে এসেছে, অ্যাঙ্গল ককটি বিচ্ছিন্ন থাকায় মূল ব্রেক ব্যবস্থা ঠিকমতো কাজ না করার সম্ভাবনা রয়েছে। তবে কে সেটি বিচ্ছিন্ন করেছিলেন, অথবা যাত্রার আগে চালকের দল নির্ধারিত সুরক্ষা পরীক্ষা করতে ব্যর্থ হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

নতুন নির্দেশ অনুযায়ী, ব্রেক ফিল টেস্টে ট্রেনের গতি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটারে তুলে মূল ব্রেক প্রয়োগ করতে হবে। তাতে গতি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটারে নামার কথা। ব্রেক পাওয়ার টেস্টে যাত্রীবাহী ট্রেনের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারে তুলে ব্রেক কষে তা ৩০ থেকে ৩৫ কিলোমিটারে নামাতে হবে। মালগাড়ির ক্ষেত্রে গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থেকে কমিয়ে ২০ থেকে ২৫ কিলোমিটারে আনতে হবে।

দুই পরীক্ষা সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব সহকারী চালকের উপরেও দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাঁকে মূল চালককে পরীক্ষা করার কথা মনে করিয়ে দিতে হবে এবং ব্রেকের কার্যকারিতাও পর্যবেক্ষণ করতে হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটিতে ইঞ্জিন বদলের সময়ে যোগাযোগের অভাবেই ব্রেক পাইপের অ্যাঙ্গল ককটি বিচ্ছিন্ন থেকে যেতে পারে। আগে কলকাতা-সাইরাং এক্সপ্রেসে গুয়াহাটিতে বৈদ্যুতিক ইঞ্জিন খুলে ডিজেল ইঞ্জিন জোড়া হত। কিন্তু ওই পথে বিদ্যুদয়নের কাজ শেষ হওয়ায় কয়েক দিন আগে থেকে ইঞ্জিন বদল বন্ধ হয়েছে এবং বৈদ্যুতিক ইঞ্জিনই গুয়াহাটি থেকে যাত্রা চালিয়ে যাচ্ছে।

রেলের এক আধিকারিকের বক্তব্য, ইঞ্জিন বদলের সময়ে অ্যাঙ্গল কক বিচ্ছিন্ন করার দায়িত্বে থাকা কর্মীটি এই প্রথা বন্ধ হওয়ার সময়ে ছুটিতে ছিলেন। ১১ নভেম্বর কাজে ফেরার পরে তিনি পুরনো নিয়ম মেনে ককটি বিচ্ছিন্ন করে থাকতে পারেন বলে সন্দেহ। তবে সে দিন যে বৈদ্যুতিক ইঞ্জিনটিই যাত্রা চালিয়ে যাবে, তা তিনি জানতেন না বলেও ওই আধিকারিক জানিয়েছেন। চালকের দল বাধ্যতামূলক ব্রেক পরীক্ষা করতে ব্যর্থ হয়েছিল কি না, অথবা মূল ব্রেক ব্যবস্থার বদলে বিকল্প রিজেনারেটিভ ব্রেকিং ব্যবস্থার উপর নির্ভর করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও সম্ভাব্য গাফিলতির তদন্ত এখনও চলছে।