গুয়াহাটি, ১৪ নভেম্বর: বাংলাদেশি নাগরিকদের বেআইনি ভাবে পাচার এবং আশ্রয় দেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের সীমান্ত শাখা। ধৃতদের মধ্যে দু’জন ক্যাবচালক এবং দু’টি হোটেলের দু’জন ম্যানেজার রয়েছেন।
পুলিশের অভিযোগ, বেশি অর্থ উপার্জনের লোভে ক্যাবচালক করণ সোনোয়াল এবং বিপুল চেতিয়া মেঘালয় সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিকদের গুয়াহাটিতে নিয়ে এসেছিলেন।
বাংলাদেশি নাগরিকদের হোটেলে আশ্রয় দেওয়ার অভিযোগে সঞ্জীব হাজরিকা ও লাচিত গগৈ নামে দুই হোটেল ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, খানাপাড়ার ‘হোটেল মেঘালয়’-এ বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই ওই দুই ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ অক্টোবর মহানগর পুলিশ ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদের পরেই বাংলাদেশি নাগরিকদের পাচার ও আশ্রয় দেওয়ার সঙ্গে যুক্ত থাকার এই তথ্য সামনে আসে বলে জানা গিয়েছে।
অর্থের বিনিময়ে কী ভাবে একাংশ লোক সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিকদের গুয়াহাটিতে নিয়ে এসে বিভিন্ন স্থানে আশ্রয় দিতেন, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।