গুয়াহাটি, ১৪ নভেম্বর: সনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে শিমলা পুলিশ।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে শিমলার বালুগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ মামলা রুজুর কথা নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।
অতুল শর্মার অভিযোগ, গত ১০ নভেম্বর নিজের যাচাইকৃত ‘এক্স’ অ্যাকাউন্টে গান্ধী পরিবারকে নিয়ে একটি পুরনো ভিডিও পোস্ট করে আপত্তিকর মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাঁর দাবি, ওই পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক ইঙ্গিত করা হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই পোস্টে সনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করা হয়েছিল। গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পরে সনিয়ার রাজনৈতিক উত্থান নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল বলে অভিযোগ। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরে মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়ার প্রসঙ্গও পোস্টটিতে ছিল বলে দাবি করা হয়েছে।
অতুল শর্মার বক্তব্য, এই মন্তব্যগুলি নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর ফলে সমাজে বিদ্বেষ ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ওই পুরনো ভিডিওতে ইন্দিরা গান্ধী, সনিয়া গান্ধী, মানেকা গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে একসঙ্গে খেতে দেখা গিয়েছিল। সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের দিনই ভিডিওটি সামাজিক মাধ্যমে ফের আলোচনায় আসে। অভিযোগগুলি এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।