নয়াদিল্লি, ১৪ নভেম্বর: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আসন সমঝোতা নিয়ে জল্পনা বাড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কংগ্রেস।
শনিবার এক শীর্ষ সম্মেলনে অখিলেশকে প্রশ্ন করা হয়, কংগ্রেস কি ১০০টি আসন চাইছে? জবাবে তিনি বলেন, সংখ্যাটি তার চেয়েও বেশি।
কংগ্রেস ২০০টি আসন চাইছে কি না, এই প্রশ্নে অখিলেশের উত্তর ছিল, ‘‘তার থেকে একটু কম।’’ ১৮০টি আসন চাওয়া হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘১৮০-র সঙ্গে এক যোগ করুন।’’
তবে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্ক ভাল বলেই দাবি করেছেন অখিলেশ। তাঁর কথায়, দুই দলের সম্পর্ক যথেষ্ট ভাল।
উত্তরপ্রদেশে ২০২৭ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমানে রাজ্যে বিজেপির নেতৃত্বে যোগী আদিত্যনাথের সরকার রয়েছে। সমাজবাদী পার্টি ও কংগ্রেস, দু’টিই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক।
তবে ১৮১টি আসন চাওয়ার বিষয়ে কংগ্রেসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।