ছিমডেগা, ১৪ নভেম্বর: ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ভূষণ বারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে চাপ দেওয়ার অভিযোগে দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নাবালিকার কাকা ১৩ নভেম্বর ছিমডেগা জেলার পাত্রতাঁড় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিন দিন আগে দু’জন নাবালিকাকে অপহরণ করে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে চাপ দিয়েছিল।

ছিমডেগার পুলিশ সুপার শ্রীকান্ত এস খোট্রে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নাবালিকার অভিযোগ, চলতি বছরের মে মাসে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিধায়কের পরিবার তাঁকে রাঁচীতে নিয়ে গিয়েছিল। কিন্তু স্কুলে ভর্তি না করিয়ে বিধায়কের সরকারি বাসভবনে তাঁকে গৃহকর্মে নিযুক্ত করা হয়।

তাঁর আরও দাবি, ৫ অগস্ট বিধায়কের বাসভবনে তাঁকে ধর্ষণ করা হয়। পরে তিনি গর্ভবতী হন এবং চিকিৎসা পরীক্ষার সময় তাঁর গর্ভপাত হয়েছে বলে জানতে পারেন।

এই অভিযোগের ভিত্তিতে রাঁচীর ধুরওয়া থানায় ভূষণ বারার বিরুদ্ধে পকসো আইন ও কিশোর ন্যায় আইনে এজাহার দায়ের হয়েছে।

দু’বারের বিধায়ক ভূষণ বারা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলি ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করে তাঁর বক্তব্য, কংগ্রেস থেকে বহিষ্কৃত কয়েক জন এই মামলা সাজিয়েছেন। তদন্তের পরে সব কিছু স্পষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেছেন।