হায়দরাবাদ, ১৪ নভেম্বর: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার হায়দরাবাদে ‘ভারত সম্মিলন’-এ ভাষণ দিতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন, ওই নির্বাচনে ভোট দেওয়া ১৪ কোটি মানুষকে পরবর্তী সময়ে ‘অস্তিত্বহীন ভোটার’ বা ‘ভোট না-দেওয়া ব্যক্তি’ হিসেবে গণ্য করা হয়েছে।

রাহুলের প্রশ্ন, নির্বাচন কমিশন যদি ১৪ কোটি ভোটারকে অবৈধ বা ভোট না-দেওয়া ব্যক্তি বলে ঘোষণা করে থাকে, তবে ২০২৪ সালের নির্বাচন কী ভাবে বৈধ হতে পারে? তাঁর দাবি, এই সংখ্যা দেশের মোট ভোটারের প্রায় ১৩ শতাংশ।

“১৪ কোটি ভোটারকে যদি অবৈধ বা ভোট না-দেওয়া বলে ধরা হয়, তবে ২০২৪ সালের নির্বাচন কী ভাবে বৈধ হতে পারে?” প্রশ্ন রাহুল গান্ধীর।

ভাষণে রাহুল অভিযোগ করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দেশের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন শুরু হয়েছে। রাজনৈতিক ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ ঢোকার ফলে নির্বাচনের পরিবেশ বদলে গিয়েছে বলেও তাঁর মন্তব্য।

বিজেপি ও বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলির মধ্যে সম্পর্কের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়েও সমালোচনা করেন রাহুল। তাঁর দাবি, গত ১০ বছরে বিজেপির সম্পত্তি ১১ গুণ বেড়েছে।