হামরেন, ১৫ নভেম্বর: পশ্চিম কার্বি আংলঙের সদর শহর হামরেনে এক নাবালিকাকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় দু’বছর ধরে ওই কিশোরীর উপর নির্যাতন চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই নির্যাতনের শিকার হচ্ছিল ওই কিশোরী। তার পরিবার আর্থিক ভাবে অত্যন্ত দুর্বল। পরিবারের আর্থিক দুরবস্থা ও অসহায় অবস্থার সুযোগ নিয়েই অভিযুক্ত দীর্ঘদিন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ।

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে আসে। কিশোরীর এক আত্মীয় বিষয়টি প্রকাশ্যে আনলে অভিযোগটি সামনে আসে। স্কুলছাত্রীর উপর প্রায় দু’বছর ধরে নির্যাতনের অভিযোগে এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন দল-সংগঠন ঘটনার নিন্দা করেছে। নাবালিকার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও উঠেছে।

অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনের কাছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।