দুলীয়াজান, ১৬ নভেম্বর: দিব্রুগড় জেলার দুলীয়াজানের কমলাবাড়িতে একটি বাড়ির বন্ধ ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতেরা হলেন চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং মেয়ে নিহারিকা ভূঞা।

সোমবার সন্ধ্যায় নিজেদের বাড়ির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়ির একটি বন্ধ ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল দেহগুলি।

পুলিশের সন্দেহ, বাবা-মায়ের সঙ্গে নিহারিকাকেও খুন করা হয়েছে। যদিও মৃত্যুর পরিস্থিতি এবং ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কমলাবাড়ি এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।