গুয়াহাটি, ১৬ নভেম্বর: জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার গুয়াহাটি প্রেস ক্লাবে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের উদ্যোগে এবং ইনলি ফাউন্ডেশনের সহযোগিতায় দ্বিতীয় বার্ষিক আন্তঃসংবাদমাধ্যম কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক মনোজ কুমার গোস্বামী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ বারের প্রেস দিবসের বিষয় ‘সাংবাদিকতা: জনমোহিনী না দায়িত্বশীল’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাংবাদিকতায় প্রশ্ন করার গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায়, সাংবাদিক প্রশ্ন না করলে বা প্রশ্ন করতে না শিখলে সাংবাদিকতার পাশাপাশি সভ্যতাও এগোবে না।
জাতীয় সংবাদমাধ্যমের তুলনায় আঞ্চলিক সংবাদমাধ্যম এখনও অনেক বেশি স্বাধীন ও শক্তিশালী বলে মন্তব্য করেন মনোজ কুমার গোস্বামী।
দীপাঙ্কর কৌশিকের সঞ্চালনায় প্রতিযোগিতায় মোট ৯টি দল অংশ নেয়। অঙ্কুরজ্যোতি শর্মা ও ঝর্ণা ভরালীর দল প্রথম হয়। দিব্যেন্দু চক্রবর্তী, মানসী দত্ত ও পঙ্কজ বরার দল দ্বিতীয় এবং শুভম গোস্বামী, মৃদুপবন বরা ও দীপাঙ্কর দত্তের দল তৃতীয় স্থান পায়।
ইন্দ্রজিৎ দাস, নিভারাণী রায় ও দেবাশিস রাজকুমারের দল চতুর্থ, রাজকমল চাংকাকতি ও দীপাঙ্কর শইকীয়ার দল পঞ্চম এবং সুনীল বরা ও বিজয় কাননের দল ষষ্ঠ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক কৃপা শংকর যাদব, নিতুমণি শইকীয়া, সুশীল কুমার পাটওয়ারী এবং ক্লাবের সভাপতি খগেন কলিতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অমরেন্দ্র ডেকা। প্রতিযোগিতার সমস্ত পুরস্কারের অর্থ দেয় ইনলি ফাউন্ডেশন। আগামী বছরও সহযোগিতা চালিয়ে যাবে বলে সংস্থাটি ঘোষণা করেছে।