দিসপুর, ১৬ নভেম্বর: উচ্ছেদ অভিযান স্থগিত রাখা, উচ্ছেদ হওয়া পরিবারগুলির স্থায়ী পুনর্বাসন এবং ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জমির অধিকার সুনিশ্চিত করার দাবি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করলেন এআইইউডিএফ সভাপতি তথা ধুবড়ির প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল। তাঁর সঙ্গে ছিলেন দলগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক মজিবুর রহমান।

মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়ে তাঁরা রাজ্য জুড়ে চলা উচ্ছেদ অভিযান স্থগিত রাখার দাবি জানান। উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে ‘জমির বদলে জমি’ নীতিতে স্থায়ী পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ অভিযান, উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন মানুষের জমির অধিকার এবং গোয়ালপাড়া জেলায় প্রস্তাবিত শিল্পাঞ্চল ঘিরে উদ্বেগের বিষয়গুলি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে গোয়ালপাড়া জেলার বলদমারী পঞ্চম খণ্ড, বলদমারী দ্বিতীয় খণ্ড, হেলাপাখরি ও রাক্ষসিনী-সহ জনবসতিপূর্ণ গ্রামগুলিকে প্রস্তাবিত শিল্পাঞ্চলের আওতা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

দীর্ঘ দিন ধরে বসবাসকারী যোগ্য পরিবারগুলির জমির অধিকার রক্ষায় যৌথ সমীক্ষা এবং জমির পাট্টা দেওয়ার দাবিও তোলা হয়। দরিদ্র, ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়েছেন আজমল ও রহমান।