লখিমপুর, ১৬ নভেম্বর: লখিমপুর বিধানসভা কেন্দ্রের বগীনদীতে উচ্ছেদ হওয়া ১৩২টি পরিবারের সঙ্গে দেখা করল অসম প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধিদল। অসম বিধানসভায় বিরোধী দলের উপনেতা ডাঃ জয়প্রকাশ দাসের নেতৃত্বে সোমবার ওই প্রতিনিধিদল উচ্ছেদ হওয়া পরিবারগুলির বর্তমান পরিস্থিতির খোঁজ নেয়।

প্রতিনিধিদলে কংগ্রেস নেতা ঘন বুঢ়াগোঁহাই ও দুর্লভ চমুয়াও ছিলেন। উচ্ছেদ অভিযানকে ‘চরম অমানবিক’ আখ্যা দিয়ে সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তাঁরা।

উচ্ছেদ হওয়া মানুষজন ভারতীয় নাগরিক। তাঁদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, বলেছেন ডাঃ দাস।

তাঁর অভিযোগ, বগীনদীর পরিস্থিতি মানবাধিকার এবং ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। ঘরবাড়ি হারানোর পরে ছোট ছোট শিশুদের খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ডাঃ দাসের দাবি, ১৯৮৩ সালের একটি ঘটনার পরে বগীনদী থানায় ছ’দিন আশ্রয় নেওয়ার পর তৎকালীন সরকার ভূমিহীন মানুষদের নদীর পাড়ের ওই জমিতে পুনর্বাসন দিয়েছিল। প্রায় ১৯ বিঘা জমিতে ১৩০ থেকে ১৩২টি পরিবার বসবাস করছিল। তাঁর বক্তব্য, প্রতিটি পরিবারের ভাগে এক কাঠা জমিও পড়ত না, মিলত মাত্র পাঁচ থেকে দশ লেচা জমি।

বড় শিল্পপতিদের লক্ষ লক্ষ বিঘা জমি দেওয়া সম্ভব হলেও ভূমিহীন নাগরিকদের সামান্য জমি দিতে সরকার পারছে না বলে অভিযোগ করেন তিনি। ধর্মের ভিত্তিতে উচ্ছেদ হওয়া মানুষদের আলাদা চোখে না দেখে সব নাগরিকের প্রতি সমান আচরণের দাবিও জানান।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সংবিধান রক্ষার শপথের কথা স্মরণ করিয়ে ডাঃ দাস উচ্ছেদ হওয়া পরিবারগুলির জন্য ফের ঘর তৈরি করে দেওয়া এবং দ্রুত স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, গৃহহীন মানুষের ঘর ভেঙে দেওয়া নয়, তাঁদের জন্য ফের ঘর তৈরি করাই সরকারের দায়িত্ব।