কাজিরাঙার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই বছরের শিশুটির পরিচয় মিলেছে। অসমের মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, শিশুটির নাম দেব গোয়ালা। তার বাবা রাহুল গোয়ালা এবং মা নিকিতা গোয়ালা মিসার বাসিন্দা। দু’জনেই জীবিত এবং যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

অতুল বরা জানান, চেতনা ফেরার পরে নিকিতা চিকিৎসকদের বলেন যে, তিনি মিসার বাসিন্দা। তাঁর একটি সন্তান রয়েছে বলেও জানান তিনি। শিশুটিকে তিনি তার ঠাকুমার কাছে রেখে এসেছিলেন বলেও জানান নিকিতা। তাঁর স্বামীর নাম রাহুল বলার পরে তাঁকে পরিবারের একটি ছবি দেখানো হয়। সেই ছবি দেখে তিনি পরিবারের সদস্যদের শনাক্ত করেন।

মায়ের নাম নিকিতা গোয়ালা, বাবার নাম রাহুল গোয়ালা এবং শিশুটির নাম দেব গোয়ালা। পরিবারের ছবি দেখার পরে নিকিতা তাঁদের শনাক্ত করেছেন, জানিয়েছেন অতুল বরা।

১৩ নভেম্বর দুর্ঘটনার পর থেকে শিশুটি বোকাখাতের শহিদ কমলা মিরি মহকুমা অসামরিক হাসপাতালে ছিল। কোহরা অঞ্চলের হাতিখুলি চা-বাগানের কাছে রঙাজানে জাতীয় সড়ক ৭১৫-এ একটি মিনিবাসের সঙ্গে কনটেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার বিকেলের ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

শিশুটির সামান্য আঘাত লেগেছিল। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে রাখা হয়। প্রথম দিকে তার কোনও আত্মীয়ের খোঁজ মেলেনি। রাতভর সে মায়ের জন্য কেঁদেছিল বলে হাসপাতালের নার্সরা জানিয়েছিলেন।