গুয়াহাটি, ১৬ নভেম্বর: অসমে এখনও ৩.১৬ লক্ষ হেক্টরেরও বেশি বনভূমি দখলে রয়েছে। গত পাঁচ বছরে রাজ্য সরকার ১৮ হাজার হেক্টরেরও বেশি বনভূমি দখলমুক্ত করেছে বলে সোমবার সমাজমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মুখ্যমন্ত্রী জানান, গত পাঁচ বছরে দখলমুক্ত করা জমির পরিমাণ প্রায় গুয়াহাটি মহানগরের আয়তনের সমান। তবে রাজ্যে এখনও বিপুল বনভূমি দখলে থাকার কথা স্বীকার করে তিনি বলেন, দখলমুক্ত করার ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি রয়েছে।
রাজ্যের বনভূমির প্রতিটি ইঞ্চি জমি দখলমুক্ত করার লক্ষ্যে আপসহীন কৌশল নেওয়া হবে।
বনভূমি পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপগুলি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর কয়েক দিন আগে, ১৩ নভেম্বর লখিমপুর জেলার কদম রাজস্ব চক্রের অধীনে ১ নম্বর ও ২ নম্বর বগীনদী পেছনেল গ্রেজিং রিজার্ভ এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১৯ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। সেখানে ১৩২টি পরিবারের ৭০৪ জন বসবাস করতেন।
প্রশাসনের দাবি, সংরক্ষিত জমিতে স্থায়ী বাড়ি, একটি মসজিদ এবং সুপারি বাগান গড়ে তোলা হয়েছিল। উচ্ছেদের নোটিস পাঠানোর পরে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণগুলি সরানো হয়। বগীনদীর পাশাপাশি কৈলামারী ও বরবিলেও উচ্ছেদ অভিযান চালানোর পরিকল্পনা ছিল।