নয়াদিল্লি: অসমে এনআরসি পুনর্বিবেচনার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনও জরুরি বলে দাবি করলেন আছুর মুখ্য উপদেষ্টা তথা ছাত্রনেতা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই দুই প্রক্রিয়া সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে সমুজ্জ্বল বলেন, অসমে ভোটার তালিকা সংশোধনের দাবি নতুন নয়। মঙ্গলদই উপনির্বাচনের সময় ভোটার তালিকায় বিদেশিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগই অসম আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল। সেই সময় থেকেই ভোটার তালিকা থেকে অবৈধ বিদেশিদের নাম বাদ দেওয়ার দাবি উঠছে।

১৯৮৩ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময়ের ঘটনা আছু এবং অসমের মানুষ ভোলেননি। অসমের খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভোটার তালিকার সংশোধন ও এনআরসি পুনর্বিবেচনা সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।

সমুজ্জ্বলের দাবি, অসম চুক্তির ভিত্তিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি পুনর্বিবেচনা হওয়া উচিত। তাঁর মতে, এই দুই প্রক্রিয়ার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা ও নাগরিকপঞ্জি তৈরি করাই আছুর লক্ষ্য।

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে কেন্দ্র ও অসম সরকারের কাছে অসমে বিশেষ অভিযান শুরুর আবেদনও জানান তিনি। গুয়াহাটি ও ধুবুড়িতে বাংলাদেশি নাগরিক আটকের ঘটনার উল্লেখ করে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সমুজ্জ্বল।

তাঁর অভিযোগ, অবৈধ অনুপ্রবেশের সঙ্গে মৌলবাদী গোষ্ঠীর প্রবেশের আশঙ্কাও রয়েছে। তাই অসমে অবৈধ অনুপ্রবেশকারী ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর দাবি জানান তিনি। এনআরসি পুনর্বিবেচনা এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আছু তাদের অবস্থান বজায় রাখবে বলেও তিনি জানান।