প্রয়াগরাজ, ১৭ নভেম্বর: জৌহর ট্রাস্ট-সংক্রান্ত প্রায় ৪২৬ কোটি টাকার অর্থপাচার মামলায় সমাজবাদী পার্টির প্রবীণ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রিসভার সদস্য আজম খানকে অন্তর্বর্তী জামিন দিল এলাহাবাদ হাই কোর্ট।
৩১ অক্টোবর আজম খানকে গ্রেফতারের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সংবিধানের ২২(১) অনুচ্ছেদে নির্ধারিত প্রয়োজনীয় প্রক্রিয়া পুরোপুরি মানেনি বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। ওই অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তির গ্রেফতারের কারণ জানার সাংবিধানিক অধিকার রয়েছে। আজম খানের পক্ষ থেকে সেই অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল।
৩১ অক্টোবর অন্য একটি মামলায় জামিন পেয়ে রামপুর জেল থেকে বেরোনোর কিছু ক্ষণের মধ্যেই তাঁকে ফের গ্রেফতার করে ইডি। জৌহর ট্রাস্ট এবং তার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের তদন্তের অংশ হিসেবেই ওই পদক্ষেপ করা হয়েছিল। গ্রেফতারের পরে তিনি ইডির হেফাজতে ছিলেন। পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
ইডির গ্রেফতার এবং বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজম খান। শীর্ষ আদালত সরাসরি হস্তক্ষেপ না করে মামলাটি শুনানির জন্য এলাহাবাদ হাই কোর্টে পাঠায়। সেই সঙ্গে শুনানির পরে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার জন্য হাই কোর্টকে অনুরোধ জানায়।
বিচারপতি রাজীব গুপ্ত ও বিচারপতি দেবেন্দ্র সিংহের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আজম খানের হয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। ইডির পক্ষও নিজেদের বক্তব্য পেশ করে।
অন্তর্বর্তী জামিন মিললেও জৌহর ট্রাস্ট-সংক্রান্ত অর্থপাচার মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলবে। মামলাটির পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর হওয়ার কথা।