গুয়াহাটি, ১৯ নভেম্বর: আগামী ৩০ নভেম্বর মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন ঘিরে হিংসা, হামলা ও ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিল অসম প্রদেশ কংগ্রেস। দলের দাবি, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের গঠিত চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা, প্রাক্তন সাংসদ বলীন কুলী ও আব্দুল খালেক এবং প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য গুণকান্ত গগৈ।

স্মারকলিপিতে কংগ্রেস জানিয়েছে, ১৪ নভেম্বর মাজুলি জেলার ১ নম্বর বনরিয়া চাপরিতে নির্বাচনী প্রচারের সময় টি এম পি কে এবং গণশক্তির কর্মীদের হামলায় কয়েক জন আহত হন। দলের অভিযোগ, ওই ঘটনায় দু’টি দু’চাকার ও একটি চারচাকার গাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

কংগ্রেসের আরও অভিযোগ, একই দিন সন্ধ্যায় ধেমাজি জেলার জিয়াঢল কেন্দ্রে গণশক্তির কর্মীদের হামলায় প্রাঞ্জল পায়েং ও রাহুল নরহ গুরুতর জখম হন। ১৭ নভেম্বর টি এম পি কে-র একটি দল মিংমাং কেন্দ্রের প্রার্থী মিল্টন পেগুকে হামলা করে গুরুতর আহত করে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।

১৮ নভেম্বর সকাল প্রায় ৮টায় ৪ নম্বর দে-বিং-দে-টাক কেন্দ্রের প্রার্থী জিতুমণি পাতিরের নির্বাচনী এজেন্ট জয়নাথ দলেকে টি এম পি কে-সমর্থকেরা মারধর করেন বলেও কংগ্রেসের অভিযোগ।

টি এম পি কে, গণশক্তি এবং বিজেপি-সমর্থকেরা পরিষদের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে অন্য প্রার্থীদের হুমকি দিচ্ছেন ও প্রচারে বাধা দিচ্ছেন বলে দাবি কংগ্রেসের। আগের পরিষদ নির্বাচনেও হিংসা ও আতঙ্কের পরিবেশ তৈরি করে ব্যাপক কারচুপির নজির রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেছে দলটি।

ধেমাজি, লখিমপুর ও মাজুলি জেলার নির্বাচনী এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা, পুলিশের নিয়মিত টহল এবং ভোটের দিন সংবেদনশীল বুথে কড়া নিরাপত্তা বলয় গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। অভিযোগ ওঠা হিংসার ঘটনাগুলির তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।