পশ্চিম কার্বি আংলঙে ১,৩০০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ শক্তি সঞ্চয় প্রকল্পের জন্য ১৯০.৭ হেক্টর বনভূমি ব্যবহারে নীতিগত ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় ৩,৯৪০টি গাছ এবং ২,৬৬,৩০০টি বাঁশ কাটতে হবে।
হামরেণ বন বিভাগের এলাকায় প্রকল্পটি গড়ার পরিকল্পনা হয়েছে। এটি হবে অফ-স্ট্রিম ক্লোজড-লুপ জলবিদ্যুৎ শক্তি সঞ্চয় প্রকল্প। এর জন্য বিস্তৃত বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামোও গড়ে তুলতে হবে।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা কমিটি নয়াদিল্লিতে বৈঠকে প্রস্তাবটি বিবেচনা করে। তার পরে কয়েকটি শর্তসাপেক্ষে বনভূমি ব্যবহারের প্রথম পর্যায়ের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
মূল্যায়ন অনুযায়ী, প্রস্তাবিত জমির মধ্যে ৩.২৭ হেক্টর অতি ঘন বনাঞ্চল, ৯৪.০৭ হেক্টর মাঝারি ঘন বনাঞ্চল এবং ৬৪.৪১ হেক্টর খোলা বনাঞ্চল রয়েছে। প্রকল্পের জন্য ৫০ প্রজাতির প্রায় ৩,৯৪০টি গাছ এবং ২,৬৬,৩০০টি বাঁশ কাটার কথা বলা হয়েছে।
শর্ত অনুযায়ী, রাজ্য সরকারকে মুখ্য বন্যপ্রাণ সংরক্ষকের সঙ্গে আলোচনা করে প্রকল্প এলাকার জন্য পৃথক বন্যপ্রাণ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করতে হবে। তাতে বনাঞ্চলের বন্যপ্রাণ ও তাদের আবাসস্থল রক্ষার ব্যবস্থা রাখতে হবে।
জলগ্রহণ এলাকার পরিচর্যা পরিকল্পনা এবং মাটিক্ষয় রোধে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ পরিকল্পনাও তৈরি করে অনুমোদন নিতে হবে। এই পরিকল্পনা কার্যকর করার খরচ বহন করবে এপিডিসিএল।
জলাধার প্রথম বার ভরার সময় বর্ষায় নদীর জলের প্রবাহ সর্বাধিক থাকলেই জল সংগ্রহ করা যাবে। স্থানীয় জলস্রোতের উপর চাপ কমাতে বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জল পুনর্ভরণ এবং জল সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে। বাঁধের অনুমোদিত নকশা ও প্রযোজ্য নিরাপত্তাবিধি মানার পাশাপাশি নির্মাণে তোলা মাটি-পাথর ফেলার জায়গাগুলিও কাজ শেষে পুনরুদ্ধার করতে হবে।