এপ্রিলে জাগীরোডের সেমিকন্ডাক্টর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহুর উপহার হিসেবে প্রকল্পটি চালুর কথা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই প্রকল্পে পরীক্ষামূলক ভাবে চিপ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অসমের যুবক-যুবতীরাও সেখানে কাজ করছেন বলে তাঁর দাবি। বিদেশি সংস্থাগুলির প্রয়োজনীয় চিপ তৈরির কাজ পরীক্ষামূলক স্তরে চলছে বলেও তিনি জানান।
নুমলীগড় শোধনাগারের সম্প্রসারণ এবং তেল সরবরাহ নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে নুমলীগড়ে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বছরে ৬ মিলিয়ন মেট্রিক টন তেল শোধনের লক্ষ্য রাখা হয়েছে।
শোধিত তেলজাত পণ্য ভারতের বাজারে বিক্রির জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। নুমলীগড়ে শোধনাগারের নির্মাণকাজ এপ্রিলে শেষ হবে বলেও তাঁর দাবি।
এ ছাড়া, নুমলীগড়ে উৎপাদিত পণ্যের ভিত্তিতে প্যারাসিটামল তৈরির লক্ষ্যে একটি নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।