সোনাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। কাছার জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক শামীম আহমেদ এবং সর্বশিক্ষা প্রকল্পের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে গোপন বোঝাপড়ার অভিযোগও করেছেন তিনি।
নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে আমিনুল জানান, ২০২২ সালের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের জন্য প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এর মধ্যে নিম্ন প্রাথমিক, মধ্য ইংরেজি ও উচ্চ বিদ্যালয় মেরামতির জন্য প্রায় ১৩ কোটি টাকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়।
বিধায়কের অভিযোগ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনও হিসাব বা কারিগরি অনুমোদন ছাড়াই ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করিয়েছে। তাঁর দাবি, সোনাই বিধানসভা এলাকার অধিকাংশ কাজের বরাত পেয়েছেন রূপম সাহা।
সংশ্লিষ্ট দফতরের কর্মীদের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বলে অভিযোগ করেন আমিনুল হক লস্কর।
ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক। আগামী বিধানসভা অধিবেশনেও বিষয়টি তুলবেন বলে তিনি জানান।