মরিগাঁও, ২৫ নভেম্বর: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং নির্ধারিত সীমার বেশি বোঝা বহনের অভিযোগে নভেম্বরে ২৩ জন চালকের ড্রাইভিং লাইসেন্স নিলম্বিত করেছে মরিগাঁও জেলা প্রশাসন।

মরিগাঁও পুলিশ, জেলা প্রশাসন ও পরিবহণ দফতরের যৌথ তল্লাশি অভিযানে ওই চালকদের ধরা হয়। নিলম্বিত চালকদের নাম এবং তাঁদের গাড়ির নম্বরও প্রকাশ করেছে জেলা প্রশাসন।

প্রশাসনের বক্তব্য, পথ নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা রোধ করতেই এই পদক্ষেপ। মদ্যপ অবস্থায় বা অতিরিক্ত বোঝা নিয়ে গাড়ি চালিয়ে যাঁরা নিজেদের পাশাপাশি পথচারী ও যাত্রীদের জীবন বিপন্ন করছেন, তাঁদের ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো হবে না।

সম্প্রতি কাজিরঙার ভয়াবহ দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যানবাহন আইন ভাঙার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরেই মরিগাঁও-সহ রাজ্য জুড়ে তৎপর হয়েছে প্রশাসন।

পরিবহণমন্ত্রী চরণ বড়োর ঘোষণা অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত বোঝা বা যাত্রী বহন, হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর মতো অপরাধ একই ব্যক্তি তিন বারের বেশি করলে তাঁর লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করা হবে।

পরিবহণ দফতর জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অতিরিক্ত বোঝা বহনের বিরুদ্ধে পুলিশ ও পরিবহণ দফতরের যৌথ অভিযান আগামী দিনেও আরও কঠোরভাবে চলবে।