গুয়াহাটি, ২৬ নভেম্বর: ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়া প্রাক্তন সরকারি আধিকারিক হেমন্ত কুমার তালুকদারের সম্পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালুকদার দরং জেলার জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের মহাপ্রবন্ধক ছিলেন। ২০২২ সালের ২৪ মে অসম পুলিশের সতর্কতা ও দুর্নীতি দমন অধিদফতর তাঁকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে।

অভিযোগ, প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির অধীনে ঋণের আবেদন প্রক্রিয়াকরণের নামে তিনি ১০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘটনার পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি প্রমাণিত হয়।

বিভাগীয় তদন্তের রিপোর্টের ভিত্তিতে অসম সার্ভিসেস (পেনশন) রুলস, ১৯৬৯-এর বিধান অনুযায়ী তাঁর সম্পূর্ণ পেনশন এবং গ্র্যাচুইটি স্থায়ীভাবে বন্ধের শাস্তি দেওয়া হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।

তাঁর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলার বিচার অবশ্য এখনও শেষ হয়নি। কামরূপ মহানগরের বিশেষ বিচারকের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। বিশেষ মামলা (দুর্নীতি মামলা) নম্বর ৯/২০২৪ হিসেবে সেটি নথিভুক্ত হয়েছে।

বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার ভিত্তিতেই পেনশন ও গ্র্যাচুইটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি মামলায় এখনও চূড়ান্ত রায় ঘোষণা হয়নি।