গুয়াহাটি, ৬ নভেম্বর: ড. ভূপেন হাজৰিকার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক সাধারণ মানুষের জন্য অনলাইন নিবন্ধন পোর্টাল চালু করল অসম সরকার। ৬ নভেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পোর্টালের উদ্বোধন করেন।

২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। ১২ নভেম্বর থেকে আবেদনকারীরা তাঁদের নিবন্ধন পাস ডাউনলোড করতে পারবেন। তবে পাস দেওয়ার আগে আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে পরিচয় ও পটভূমি যাচাই করা হবে।

২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই সমাপনী অনুষ্ঠান হবে। ভারত সরকার ও অসম সরকার যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা মঙ্গেশকরকে ড. ভূপেন হাজৰিকা পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, অঙ্গরাগ ‘পাপন’ মহন্ত, কবিতা কৃষ্ণমূর্তি, এল. সুব্রহ্মণ্যম এবং মহালক্ষ্মী আইয়ার।

অসমের শিল্পীদের মধ্যেও থাকছেন তারালি শর্মা, মৌসুমি সাহারিয়া, আনন্দিতা পাল, জুবলি বরুয়া, নাহিদ আফরিন, শংকুরাজ কোঁওর, রূপম ভূঞা, দীক্ষু শর্মা, ডাওয়ার হাজৰিকা, ময়ূর হাজৰিকা এবং অচুর্য বরপাত্র।

এ ছাড়াও অসমের বিভিন্ন কলেজ থেকে প্রায় ১,০০০ পড়ুয়াকে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেবে রাজ্য সরকার। সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী পড়ুয়াদের বেছে নেওয়া হবে।

২৯ নভেম্বরের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীত, সংস্কৃতি ও সমাজের ক্ষেত্রে ড. ভূপেন হাজৰিকার অবদানকে স্মরণ করে বছরব্যাপী জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সমাপ্তি হবে।