ধেমাজি, ৭ নভেম্বর: অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াটের সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পের (SUMP) বিরোধিতায় শুরু হওয়া প্রতিবাদ মিছিল ৬ নভেম্বর অসমে প্রবেশ করে। প্রতিবাদকারীরা ধেমাজি জেলার জোনাইয়ে পৌঁছলে বিভিন্ন সংগঠনের সদস্যরা তাঁদের স্বাগত জানান এবং আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

আদি গালো ওয়েলফেয়ার সোসাইটির নেতৃত্বে ৪ নভেম্বর অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার গেকু থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজ্যের বিভিন্ন এলাকা অতিক্রম করে রুকসিন হয়ে তাঁরা জোনাইয়ে পৌঁছন।

অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, অসম জাতীয় পরিষদ (AJP) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি-সহ একাধিক সংগঠন প্রতিবাদকারীদের স্বাগত জানায়।

অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বসুমতারি প্রস্তাবিত বৃহৎ বাঁধ প্রকল্পের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, এই প্রকল্পের ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ, জীবিকা, সংস্কৃতি ও জীবনযাত্রার উপর গুরুতর প্রভাব পড়তে পারে।

চিনের মেডগে প্রস্তাবিত ৬০,০০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের জবাব দিতে সিয়াং উপত্যকাকে কেন বৃহৎ বাঁধের জন্য বেছে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মতামত ও সম্মতিকে গুরুত্ব দেওয়ার দাবি জানান।

অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জ্ঞান শর্মাও প্রকল্পটির বিরোধিতা করেন এবং আদি সম্প্রদায়ের আন্দোলনের পাশে থাকার কথা জানান।

প্রতিবাদকারীদের দাবির মধ্যে রয়েছে প্রকল্প বাতিল, আটক ব্যক্তিদের মুক্তি, ৪৮ জন যুবকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত গ্রামগুলি থেকে নিরাপত্তা বাহিনী সরানো, সাসপেনশন সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার এবং সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা।