শিবসাগর: অসমের শিবসাগরে ঐতিহাসিক যমুনা খালকে দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আটাছুর ধারাবাহিক প্রতিবাদ এবং দীর্ঘদিনের দাবির পর আজ থেকে এই অভিযান শুরু হয়েছে।
জানা গিয়েছে, ঐতিহাসিক যমুনা খালের মোট জমির পরিমাণ ছিল ১২০ বিঘা, ১ কাঠা এবং ৯ লেচা। এর মধ্যে প্রায় ৪০ বিঘা জমি দখল হয়ে থাকার তথ্য সামনে এসেছে।
যমুনা খালের জমি দখল করে তৈরি করা বাড়ি, শৌচাগার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি উচ্ছেদ করবে প্রশাসন। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার নিজেরাই শৌচাগার এবং বাড়ির দেওয়াল ভাঙতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরেই ঐতিহাসিক যমুনা খালের জমি থেকে দখলদারি সরানোর দাবি জানিয়ে আসছিল তাই আহোম ছাত্র সংগঠন (ATASU)। সংগঠনটির ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, স্বর্গদেব শিব সিংহের রাজত্বকালে শিবসাগরের ঐতিহাসিক শিবদোল, দেবীদোল, বিষ্ণুদোল এবং বরপুখুরির আশপাশে এই যমুনা খাল খনন করা হয়েছিল।