কলিয়াবর: চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে অসমের কলিয়াবরের দুটি চা বাগানে বিক্ষোভ দেখাল অসম টি ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ATTSA)। ৭ নভেম্বর সিলঘাটের কলিয়াবর চা বাগান এবং কুঠরির জগদম্বা চা বাগানে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার চা জনগোষ্ঠীর জমির অধিকার, মজুরি বৃদ্ধি এবং তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সিলঘাটের কলিয়াবর চা বাগানে সকালে দুই ঘণ্টার অবস্থান বিক্ষোভ করেন আটছার সদস্যরা। সংগঠনের অভিযোগ, নির্বাচনের আগে বিজেপি চা শ্রমিকদের জমির পাট্টা এবং মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চেয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।

অন্যদিকে, কুঠরির জগদম্বা চা বাগানের কারখানার সামনে আটছার কুঠরি শাখার সদস্যরা বিক্ষোভ দেখান। চা শ্রমিকদের জমির মালিকানা, চা জনগোষ্ঠীকে তফসিলি জনজাতির মর্যাদা এবং দৈনিক মজুরি বৃদ্ধির দাবি জানান তাঁরা।

বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কলিয়াবরের বিধায়ক কেশব মহন্ত, অসম সরকার এবং রাজ্যের শ্রমমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা।

জগদম্বা চা বাগানে বিক্ষোভের পর বাগান কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপিও তুলে দেয় আটছা।